Sunday, December 03, 2006

দুনিয়া কাঁপাবে চিপ প্রস্তুতকারক কোম্পানী এএমডি

এএমডি হচ্ছে পৃথিবীর অন্যতম প্রসেসর প্রস্তুতকারক কোম্পানী। বর্তমান বিশ্বে এখন এটিই একমাত্র ক্ষমতা রাখে যখন তখন বিশ্বখ্যাত প্রসেসর চিপ প্রস্ত্ততকারক কোম্পানী ইন্টেলকে টলিয়ে দিতে। এখন এএমডি প্রস্তুত হচ্ছে তাদের নতুন স্থাপত্য কৌশলে প্রস্ত্ততকৃত প্রসেসর ও মাদারবোর্ড বাজারে ছেড়ে বিশ্ব কাঁপাতে। 4x4 নামে পরিচিত আসুসটেক কম্পিউটারের তৈরি এই মাদারবোর্ড তারা খুব শিঘ্রই বাজারে ছাড়বে বলে জানিয়েছে। সাথে থাকবে কোয়াড এফএক্স প্ল্যাটফর্মে নতুন ডুয়েল-কোর আথলন এফএক্স-৭০ সিরিজের প্রসেসর, যা দুটি এনভিডিয়া চিপসেটের সাথে যুক্ত। শুধু তাই নয়, এতে রয়েছে উচ্চ ক্ষমতার গ্রাফিক্স কার্ডের জন্য চারটি পিসিআই স্লট। তথ্যগুলো জানান, এএমডি’র আথলন এক্স পণ্যের প্রোডাক্ট ম্যানেজার। গত কয়েক বছরে এএমডি তাদের নতুন ডিজাইন দ্বারা ইন্টেলকে পরাভূত করে এসেছে। কিন্ত্ত সম্প্রতি ইন্টেলের নতুন কিছু পদেক্ষেপের জন্য কোম্পানীটি বাজারের দিক থেকে বেশ পিছিয়ে গেছে। তাই এবার তারা নতুন করে আবার কোমর কষে নামছে। ইতিমধ্যে ইন্টেল তাদের কোয়াড কোর প্রসেসর হাই এন্ড গেমারদের জন্য বাজারে ছেড়ে দিয়েছে। এএমডি’র এফএক্স প্রসেসর অবশ্য একটু অন্য ভাবে কাজ করে। কোয়াড এফএক্স প্ল্যাটফর্মের দুটি এএমডি এফএক্স প্রসেসর দুটি ভিন্ন সকেটে বসে; যা ইন্টেলের কিউএক্স৬৭০০ চিপের মতো নয়। ইন্টেল দুটি ডুয়েলকোর প্রসেসরকে একটি প্যাকেজে পরিণত করে একটি সকেটে বসিয়েছে। অবশ্য এএমডি আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে তাদের কোয়াডকোর প্রসেসর বাজারে আনার কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়নি। জানা গেছে, যেহেতু এএমডির এই প্রসেসরটি দুটি সকেটে বসে তাই, মাইক্রোসফটের উইন্ডোজ ভিসতার আলটিমেট ভার্সন ছাড়া দ্বিতীয় ডুয়েল কোর প্রসেসরের সম্পূর্ণ সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে না। তবে অন্যান্য ভার্সন বা অপারেটিং সিস্টেমগুলো এই প্রসেসরে ভালো গতিতেই কাজ করতে পারবে; কিন্তু দ্বিতীয় প্রসেসরটিকে চিনে নিয়ে ব্যবহার করতে অক্ষম হবে। তাই এএমডি যখন আলাদা করে কোয়াড কোর চিপসেটকে একটি সকেটের জন্য ডিজাইন করবে, তখন এটি কোয়াড এফএক্স প্ল্যাটফর্মের জন্য তৈরি করা মাদারবোর্ডে বসতে পারবে। এএমডি এখন দুটি এফএক্স-৭৪ প্রসেসরের জন্য ৯৯৯ ডলার, দুটি এফএক্স-৭২ প্রসেসরের জন্য ৭৯৯ ডলার এবং দুটি এফএক্স-৭০ প্রসেসরের জন্য ৫৯৯ ডলার বাজার মূল্য রেখেছে। আর মাদারবোর্ডের জন্য আলাদা করে ৩০০ ডলার করে দিতে হবে। - সূত্র: সিনেট নিউজ

0 মন্তব্য: